দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বিষয়টি অনুসন্ধানে একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
অভিযোগের আওতায় রয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতির পাশাপাশি পছন্দের ব্যক্তিদের পছন্দের স্থানে পোস্টিং বা পদায়নের মাধ্যমে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হবে।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের ক্ষেত্রে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে দেড় কোটি টাকা এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পছন্দের জায়গায় পদায়নের ক্ষেত্রে আরও ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে দুদকের টিম।

