২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকায় জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্যকে (এমপি) ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এর আগে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

