LogoHormuzan

চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন বাজপাখি

২৮ আগস্ট, ২০২৬4 views
চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন বাজপাখি
Daily Muktimarg

গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর চেলসির গোলপোস্টে বদলের হাওয়া। অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ৭.৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চেলসি। বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।

৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে চেলসির চুক্তি হবে দুই বছরের। এর মধ্য দিয়ে ভিলায় তাঁর ছয় বছরের অধ্যায়েরও ইতি ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে স্ট্যামফোর্ড ব্রিজে দলের এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব নিতে পারেন বাজপাখি খ্যাত মার্তিনেজ।

চেলসির গোলরক্ষক সমস্যা নতুন নয়। তবে মৌসুমের শুরুতেই সানচেজের পারফরম্যান্স সেই পুরোনো দুশ্চিন্তাকে আবার সামনে নিয়ে এসেছে। ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে জশ কিংয়ের নেওয়া তুলনামূলক সহজ শটও সামলাতে ব্যর্থ হন সানচেজ। তাঁর সেই ভুলের পরই অভিজ্ঞ গোলরক্ষক আনার সিদ্ধান্ত দ্রুত এগিয়েছে বলে জানা গেছে।

চেলসির হাতে অবশ্য তরুণ বিকল্প থাকলেও শিরোপার লড়াইয়ে অভিজ্ঞতা ও স্থিরতার প্রয়োজনেই মার্তিনেজকে বেছে নিচ্ছে চেলসি।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলপোস্ট সামলেছেন এবং স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছেন।

মার্তিনেজের অ্যাস্টন ভিলা অধ্যায়ও ছিল সাফল্যে ভরা। ২০২০ সালে প্রায় সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ধীরে ধীরে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা ভিলা দলেরও অন্যতম প্রধান সদস্য ছিলেন মার্তিনেজ।