বিশ্বকাপ শেষে মায়ামিতে ফিরেই আবারও নিজের জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির জোড়া গোলে ২০২৬ লিগস কাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে ইন্টার মায়ামি। বুধবার নিজেদের মাঠে নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব অ্যাতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো মায়ামির হয়ে খেলতে নেমে মেসি ছিলেন চেনা ছন্দে। যদিও ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেসের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে আসা ক্রসে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধের মাঝামাঝি তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি, যেখানে অ্যাসিস্ট করেন অ্যালেন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। অ্যালেনের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। পরে কর্নার থেকে মিকায়েলের হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে রাফা ইয়োরেন্তে দূরপাল্লার দুর্দান্ত এক শটে ব্যবধান কমালেও বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সান লুইস। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই ম্যাচে জোড়া গোল করে লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি সম্প্রসারিত হওয়ার পর এখন পর্যন্ত তার গোল ১৪টি, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি।
লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

