সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই রোগী ও মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৪৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৯৪ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মারা গেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন আরও ৩১৬ জন।
এ ছাড়া বরিশালে ১৩৭ জন, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৫ এবং সিলেটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

