LogoHormuzan

ডেঙ্গু আক্রান্তে রেকর্ড, মৃত্যু ৩

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

৩০ আগস্ট, ২০২৬4 views
ডেঙ্গু আক্রান্তে রেকর্ড, মৃত্যু ৩
Daily Muktimarg

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে সর্বোচ্চ।

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৩ জন। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৫৯ জন রয়েছেন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।