দীর্ঘ চার বছর পর আবারও কোর্টে ফিরছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ইউএস ওপেনের বিশেষ প্রদর্শনী ম্যাচের মাধ্যমে আবারও র্যাকেট হাতে নেবেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস তারকাকে।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিতব্য বিশেষ এই আয়োজনে ফেদেরার খেলবেন দুটি ম্যাচ। ইউএস ওপেনের আয়োজকেরা রবিবার তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে পাঁচটিই জিতেছিলেন এই ভেন্যুতে।
এই বিশেষ আয়োজনে ফেদেরারের সঙ্গে থাকছেন তার পুরোনো প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি এবং জন ম্যাকএনরো।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচে এক সেটের লড়াইয়ে রডিকের মুখোমুখি হবেন ফেদেরার। এরপর দ্বিতীয় ম্যাচে জন ম্যাকএনরোকে সঙ্গী করে রডিক ও আন্দ্রে আগাসির জুটির বিপক্ষে খেলবেন তিনি।
কোর্টে ফেরার খবর নিয়ে উচ্ছ্বসিত ফেদেরারও। নিউইয়র্কে আবারও ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি জানিয়েছেন, শহরটির সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য স্মৃতি রয়েছে। নতুন এই অভিজ্ঞতা সেই স্মৃতির সঙ্গে আরও একটি বিশেষ অধ্যায় যোগ করবে বলেও মনে করছেন তিনি।
ফেদেরারের প্রত্যাবর্তনের ঘোষণায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন। এবারের আসরে প্রাইজমানি থাকছে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা।

