জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকালে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে দায়িত্ব পালন করবেন।
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্বে যুক্ত হওয়ায় তার অনুপস্থিতিতে যেন মন্ত্রণালয়ের কাজ ব্যাহত না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ড. খলিলুর রহমান। পরে ২ জুন ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধরণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এ পদ পেয়েছিল।
এদিকে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ২৩ আগস্টে জারি করা পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

