LogoHormuzan

মেসি ঝলকে মায়ামির গোলবন্যা

লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। টানা হতাশাজনক পারফরম্যান্সের পর বড় এই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি।

৩০ আগস্ট, ২০২৬5 views
মেসি ঝলকে মায়ামির গোলবন্যা
Daily Muktimarg

লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। টানা হতাশাজনক পারফরম্যান্সের পর বড় এই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। ইন্টার মায়ামির জার্সিতে এটি তার প্রথম গোল। তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল।

বিরতির ঠিক আগে, ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। ৫১ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে বল জালে পাঠান তিনি।

ম্যাচের শেষ ভাগে আরও একবার মেসির জাদু দেখা যায়। ৭৯ মিনিটে তার বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। মাত্র তিন মিনিট পর, ৮২ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের তৃতীয় গোলটি করেন মেসি।

৮৯ মিনিটে ফাকুন্দো মুরার সহায়তায় আলেকজান্ডার শ গোল করলে মায়ামির ব্যবধান দাঁড়ায় ৬-১। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। এর মধ্য দিয়ে পূর্ণ হয় তার চার গোলের কীর্তি এবং ম্যাচের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৭-১।

এই চার গোলের সুবাদে মেসির ক্যারিয়ারে এক ম্যাচে চার গোল করার ঘটনা দাঁড়াল নয়টিতে। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৭।

বড় এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। দলটির পয়েন্ট বেড়ে হয়েছে ৪২। মায়ামির জন্য জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল দলটি। এমন পরিস্থিতিতে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় মৌসুমের বাকি সময়ে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে মায়ামির সামনে।