LogoHormuzan

সাত ক্রিকেটার ও দুই কোচকে ছাঁটাই করেছে পিসিবি

১ সেপ্টেম্বর, ২০২৬3 views
সাত ক্রিকেটার ও দুই কোচকে ছাঁটাই করেছে পিসিবি
Daily Muktimarg

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের মাঝেই লিডস ও লর্ডসে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে আনা হয়েছে বড় রদবদল। পারফরম্যান্স ও দলগত প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একসঙ্গে সাত ক্রিকেটারকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকেও ছাঁটাই করেছে তারা।

পাকিস্তান দল থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী ওসমান, আমির জামাল, মুহাম্মদ ওয়াইস জাফর ও খুররাম শাহজাদ।

ছাঁটাইকৃত সাতজনের জায়গায় নতুন খেলোয়াড়কে স্কোয়াডে নিয়েছে পিসিবি। নতুনদের মধ্যে সায়েম আইয়ুব ও আবদুল্লাহ ফাজল যথাক্রমে আটটি ও দুটি টেস্ট খেলেছেন। অন্যদিকে বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাজের পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।

স্কোয়াডে সুযোগ পাওয়া অন্য চার খেলোয়াড় হলেন—বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ, ডানহাতি পেস-অলরাউন্ডার মোহাম্মদ ইমরান এবং রেজাউল্লাহ।

খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও পরিবর্তন এনেছে পিসিবি। কোচিং স্টাফের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদ ও উমর গুলকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় আনা হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নোফকে।

বার্মিংহাম টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজল, আরাফাত মিনহাজ, আজান ওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সায়েম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবাইদ শাহ।