LogoHormuzan

আসছে আশা ভোঁসলের শেষ গান

২৮ আগস্ট, ২০২৬5 views
আসছে আশা ভোঁসলের শেষ গান
Daily Muktimarg

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের স্মৃতি, অসংখ্য জনপ্রিয় গান আর সুরের নিজস্ব এক জগৎ। সেই কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গান আসছে শ্রোতাদের কাছে। আশা ভোঁসলের আগামী জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই গান প্রকাশের দিন হিসেবে বেছে নেয়া হয়েছে।

আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ পাবে কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য আশা ভোঁসলের রেকর্ড করা গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। সিনেমার পরিচালক হরিশ ব্যাস বিষয়টি জানিয়েছেন।

আশার কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ এই গান ভক্তদের জন্য হয়ে উঠতে পারে আবেগ ও স্মৃতিতে মোড়া এক বিশেষ উপহার। গানটি নিয়ে আবেগাপ্লুত সিনেমাটির অভিনেতা অংশুমান ঝা। তিনি বলেন, প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুর তাদের ছবির অংশ হয়ে থাকা নিঃসন্দেহে পরম প্রাপ্তি। এই কাজ ও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি সবসময় তার হৃদয়ের কাছাকাছি থাকবে বলেও জানান তিনি।

আট দশকের দীর্ঘ সংগীতজীবনে ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। তার কণ্ঠে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের শ্রোতা। ভারতীয় সংগীতের ইতিহাসেও তার অবদান হয়ে থাকবে চিরস্মরণীয়।

চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী। তার চলে যাওয়ায় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে গভীর শূন্যতা।

তবে আগামী ৮ সেপ্টেম্বর সেই শূন্যতার মাঝেই আবারও শোনা যাবে তার চেনা কণ্ঠ। জীবনের শেষ রেকর্ড করা সেই সুরের হাত ধরেই যেন আরও একবার ভক্তদের কাছে ফিরে আসবেন আশা ভোঁসলে।