কারাগারে যাওয়ার ১৪ দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের জামিনের আদেশ-সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সেগুলোর যাচাই প্রক্রিয়া শেষ করে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিক কারাগার থেকে বেরিয়ে যান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিকের জামিনের সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, একটি ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন আদালত।
রায় ঘোষণার দিন বিদিশা সিদ্দিক আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২৫ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়ার পর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন বিদিশা সিদ্দিক। শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্ত হলেও মামলার বিচারিক প্রক্রিয়া ও আদালতের দেওয়া সাজা-সংক্রান্ত বিষয়টি আইনগতভাবেই বহাল রয়েছে।

