ভারতের রাজধানী দিল্লিতে ধসে পড়েছে একটি ছয়তলা ভবন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে এবং জীবিতদের সন্ধানে তল্লাশি চলছে।
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন।
স্থানীয়রা উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির আসার অপেক্ষা না করেই হাত দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি করে জীবিতদের সন্ধান করছেন।

