LogoHormuzan

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

৫ সেপ্টেম্বর, ২০২৬2 views
মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি
Daily Muktimarg

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান ডিভিশনে ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সারিয়ান ডিভিশনজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অঞ্চলের এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়।

জরুরি অবস্থার আওতায় সোমবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত সারিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ ও পাথর উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা চালু থাকবে।

ধোঁয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাওয়াকে তিন দিনের ‘ক্লাউড সিডিং’ বা কৃত্রিমভাবে বৃষ্টির মেঘ তৈরির কার্যক্রম শুরু হয়েছে।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সারিয়ান ডিভিশনে প্রযোজ্য। তবে পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ ধোঁয়াশায় আক্রান্ত। এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী সাবাহ রাজ্য ও মালয়েশিয়ার উপদ্বীপীয় অংশের বিভিন্ন এলাকাতেও।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রাসহ বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা দাবানল থেকে এবারের আন্তঃসীমান্ত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৌসুমি দাবানলের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশেও এর প্রভাব পড়ছে।

প্রতিবেশী ব্রুনাইয়েও ধোঁয়াশার খবর পাওয়া গেছে। বায়ুমানের অবনতি নিয়ে সতর্কতা জারি করেছে সিঙ্গাপুর। ২০২৩ সালের পর এই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। ফিলিপাইনেও ধোঁয়াশার প্রভাব পড়েছে।

বিজ্ঞানীরা বলছেন, চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা আরও বাড়তে পারে।

এ অবস্থায় ইন্দোনেশিয়ায় চলমান দাবানল আরও ছড়িয়ে পড়লে সীমান্ত পেরিয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।