ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি ও জেলবন্দী প্রতারক সুকেশ চন্দ্রশেখরের মধ্যকার বিতর্ক সামনে এসেছে নতুন করে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি চিঠিতে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহিকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সুকেশ। সুকেশের অভিযোগ, নোরা তাঁকে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য অনুরোধ করতেন।
এনডিটিভি জানিয়েছে, হাতে লেখা চিঠির সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে সুকেশের করা অভিযোগ ও দাবিগুলো সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বাড়ি কেনার জন্য কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের
চিঠিতে সুকেশ দাবি করেছেন, মরোক্কোর ক্যাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কোটি কোটি রুপি দিয়েছিলেন। হোয়াটস অ্যাপে কথোপোকোপনের উল্লেখ করে সুকেশ দাবি করেন, নোরা তার পরিচয় ও প্রভাব সম্পর্কে অবগত ছিলেন। চিঠিতে তিনি বিশেষভাবে বার্কিন ব্যাগ, বিএমডাব্লিউ ও রেঞ্জ রোভারের কথা উল্লেখ করেছেন।
জ্যাকলিনকে নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন, দাবি সুকেশের
নোরার সঙ্গে তার কথিত সম্পর্ক এবং অভিনেত্রী জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও সুকেশ বিভিন্ন দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা অসন্তুষ্ট ছিলেন। সুকেশের দাবি নোরা দিনে কয়েকবার তাকে ফোন করতেন এবং জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক শেষ করার জন্য। অন্যদিকে নোরা এসব অস্বীকার করেছেন।
কথিত প্রমাণ নিয়ে নোরাকে সতর্ক করলেন সুকেশ
চিঠির শেষের দিকে সুকেশ নোরাকে তাকে উস্কানি না দেয়ার বিষয়ে সতর্ক করেন এবং বলেন তাদের সম্পর্কের বিষয়ে তার কাছে থাকা অবশিষ্ট প্রমাণ তিনি প্রকাশ করতে পারেন। তিনি আরো বলেন, প্রমাণ সামনে এলে নোরার ভাবমূর্তি নষ্ট হতে পারে।
সুকেশের অভিযোগ অস্বীকার করছেন নোরা
নোরা বলেন,সুকেশ ২০০ কোটি রুপির অর্থপাচার মামলার একজন আসামি এবং এর আগে তার বেশ কয়েকজন তারকার সঙ্গে সম্পর্ক ছিলো। সুকেশের করা অভিযোগগুলো নোরা ফাতেহি অতীতেও অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেনে, এ ঘটনায় তিনি নিজেও একজন ভুক্তোভোগী ছিলেন।

